এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাঁধ ঘনবসতি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি ও দুর্ভোগ দেখে তিনি তাৎক্ষণিকভাবে প্রায় ৩ হাজার মানুষের খাবার, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেন। এ সময় তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডের পেছনে যদি কোনো ধরনের অবহেলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না তিনি আরও জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনের শঙ্কায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে প্রতিমন্ত্রী আমিনুল হকের মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনে।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবেই আমিনুল হক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার তাৎক্ষণিক সহযোগিতা ও কঠোর অবস্থানে ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
এদিকে ঘটনাস্থলে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।