এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, বর্তমানে আমিনুল হক দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাঁর ফেসবুক আইডির নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর, উস্কানিমূলক কিংবা আর্থিক লেনদেন সংক্রান্ত বার্তা ছড়ানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তাঁর নাম ব্যবহার করে কোনো অর্থ লেনদেন, ব্যক্তিগত তথ্য আদান-প্রদান বা সন্দেহজনক বার্তায় সাড়া না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তি, তরুণ সমাজের উন্নয়ন এবং ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমিনুল হক দীর্ঘদিন ধরে জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করতেই একটি কুচক্রী মহল এমন ন্যাক্কারজনক সাইবার হামলার পথ বেছে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার ঠেকাতে সবাইকে আরও সতর্ক হতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সতর্কবার্তা: আমিনুল হকের ফেসবুক আইডি থেকে কোনো আর্থিক সহায়তা চাওয়া, বিকাশ/নগদ নম্বরে টাকা পাঠানোর অনুরোধ অথবা উস্কানিমূলক পোস্ট দেখা গেলে তা উপেক্ষা করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।