এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর রূপনগর থানা এলাকায় অপরাধ দমনে আবারও কঠোর অবস্থান দেখালেন অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ। তার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একদিনেই বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ—যা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নতুন করে আস্থা জাগিয়েছে।
রোববার (২৯ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক, অপহরণ, চুরি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের টার্গেট করে ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মোঃ ফারুক (৩৭) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি জান্নাতি (২২) এবং চুরি মামলার সন্দেহভাজন আসামি মোঃ রাজু (৩৬) কে গ্রেফতার করা হয়।
একই সঙ্গে জিআর ওয়ারেন্টভুক্ত তিন আসামি—মোঃ শাহীন, মোঃ লিটন (২২) ও মোঃ সোহাগ (২৬) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযান থেমে থাকেনি সেখানেই। থানা এলাকায় চলমান অপরাধ দমনে আরও ৭ জনকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—স্বাধীন মিয়া (১৯), কাউসার আলী (২০), ফারুক (৪৫), সাদিকুল (২৮), মেহেদী হাসান (২০), শাকিব (১৮) ও ছোটন মাহমুদ (১৮)। তাদেরও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা বলছেন, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রূপনগর থানা এখন অপরাধীদের জন্য আতঙ্কের নাম। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে এলাকায় মাদক ও অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে রূপনগর থানা এলাকা শিগগিরই একটি নিরাপদ জনপদে পরিণত হবে। অপরাধ দমনে ওসি মাসুদের এই দৃঢ় নেতৃত্ব ইতোমধ্যেই জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে।