![]()
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর বুকে আবারও কঠোর বার্তা দিল এনএসআই। মিরপুর সাড়ে ১১ ঢালে গড়ে ওঠা ‘তেল সিন্ডিকেটে’ সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ অকটেন ব্যবসার এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে এনএসআই ও রূপনগর থানা পুলিশের চৌকস যৌথ টিম। অভিযানে খোলা তেল মজুদ ও কালোবাজারির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লিটার অকটেন।
স্থানীয় বাইকার ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলছিল এই প্রতারণার কারবার। বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের কাছ থেকে কৌশলে অকটেন সংগ্রহ করে তা গোপনে মজুদ করা হতো আর পরে সেই তেলই সাধারণ মানুষের কাছে গলাকাটা দামে, লিটারপ্রতি ৩০০ টাকায় বিক্রি করা হতো! যেন রাজধানীর মাঝেই গড়ে উঠেছিল এক বেপরোয়া ‘তেল মাফিয়া চক্র’।
![]()
এলাকাবাসীর ভাষ্য সবাই জানতো, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না।” অবশেষে এনএসআই’র তীক্ষ্ণ নজরদারি ও গোয়েন্দা পরতায় ফাঁস হলো এই সিন্ডিকেটের চক্র। মুহূর্তেই অভিযান চালিয়ে তাদের ব্যবসায় বড় ধরনের ধাক্কা দিল আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্লেষকরা বলছেন, এনএসআই’র এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ শুধু একটি অবৈধ ব্যবসা বন্ধ করেনি—বরং পুরো রাজধানীতে সক্রিয় কালোবাজারি চক্রের জন্য দিয়েছে কঠোর বার্তা। জননিরাপত্তা ও বাজার শৃঙ্খলা রক্ষায় এমন দৃষ্টান্তমূলক অভিযান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
![]()
রূপনগর থানা পুলিশও এই অভিযানে সমান তৎপরতা দেখিয়ে যৌথ অভিযানের কার্যকারিতা প্রমাণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের পেছনে থাকা বড় মাথাদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
![]()
প্রশ্ন এখন একটাই আর কত লুকিয়ে আছে এমন ‘তেল সিন্ডিকেট’? তবে আশার আলো, এনএসআই মাঠে নামলে অবৈধ কারবারিদের শেষ রক্ষা নেই এবারও তার ব্যতিক্রম হলো না।